আমার বাপের বাড়ি

আমার বাপের বাড়িতে চলে বারো মাসে তেরো পার্বণ,
বাবা আর ভাইরা মিলে করে যজ্ঞ বাড়ির আয়োজন।।
পূজাপার্বণ ব্রত উপবাসের নেই কোনো শুরু শেষ,
সারা বছর‌ই ১৫৭-এ বাড়িতে চলে উৎসবের রেশ।।
ভাইপো ভাইঝিরা সবাই মিলে খেলাধূলায় মাতে,
রান্না পূজায় ইলিশ মাছের রকমারি পদ পাতে।।
ভায়েরা সবাই আমার সাথে সিনেমা দেখতে মাতে,
দিদির সাথে প্রতিযোগিতা করে লুডো খেলা চলে রাতে।।
মা ডেকে ডেকে হয়রানি হয়, তাড়া দেয় রাতে ঘুমানোর,
আমাদের কি সেই খেয়াল আছে ঘড়ির কাঁটার দিকে তাকানোর।।
ছেলেপিলেগুলো সবার সাথে ঘুড়ি ওড়ায় নেড়া ছাতে,
মেয়েগুলো সব লেখাপড়া ছেড়ে লুকোচুরিতে মাতে।।
বাবুজী যখন থালা হাতে তাকিয়ায় বসে চালায় কল্পনার গাড়ি,
কাকলি তখন কনডাক্টর সেজে টিকিট কাটে কাঁড়ি কাঁড়ি।।
এখন আমি বৃদ্ধা হয়েছি, মা বাবাও আর নেই সাথে,
কিন্তু এখনো সবাই আগের মতোই আনন্দ হুল্লোড়ে মাতে।।

আমার বাপের বাড়ি
⏮ আগের কবিতা 📖 সূচীপত্র